
অজেয় নারী’
হাফিজুল ইসলাম লস্কর
নারী কখনো স্নিগ্ধ সকাল
প্রশান্ত এক মায়া,
কখনো সে উত্তাল নদী
বটবৃক্ষের ছায়া।
নারী ধৈর্যের মূর্ত প্রতীক
লড়ে যে অবিরাম,
লড়াকু জীবনগাথায় লেখে
শতাব্দীর সংগ্রাম।
মায়ের আঁচল পরম স্বর্গ
বোনটি সুরের গান,
নারীর প্রেমে টিকে থাকে
নিখিল বিশ্ব-প্রাণ।
অধিকারের সংগ্রামে নারী
প্রজ্জ্বলিত মশাল,
ভেঙে চুরে গুঁড়িয়ে দেয়
অন্যায়ের সব জাল।
বেগম রোকেয়া’র আদর্শ পথে
বিশ্বজয়ী নারী,
আঁধার চিরে ছুটে চলেছে
আলোর অশ্বারোহী।
রক্তে সিক্ত ত্যাগের মহিমায়
গড়ে তোলে সে ঘর,
মমতায় তার নেই ভেদাভেদ
নেইকো আপন-পর।
সহনশীলতার প্রতিচ্ছবি সে
সয়ে যায় কত ক্ষত,
নতুন শতক লিখছে কাব্য
নারীর সাহসে নত।
মা হয়ে তুমি দাও প্রেরণা
বোন হয়ে দাও বল,
তোমার শ্রমেই সজীব থাকুক
পৃথিবীর সম্বল।
নারী তুমি নও ‘অবলা’ কভু
তুমিই মহীয়সী,
বিশ্বমঞ্চে তোমার আলো
জ্বলুক দিবানিশি।
তোমার তরেই অবনত হোক
ধরিত্রীর এই মাথা,
তুমি জননী, তুমি ধ্রুবতারা,
তুমিই সফল্য গাঁথা।
Reporter Name 















