
রক্তে কেনা বর্ণমালা
আব্দুল কাদের
রাজপথে ঢালা তপ্ত রক্তে কেনা সে মুখের সুর
স্মৃতিরা হৃদয়ে নিরন্তর জাগায় মায়ারই রোদ্দুর।
স্বৈরশাসক যখন বাড়ালো দমনের কালো হাত
বাংলার মাটি রুখে দাঁড়ালো ঘটাতে কষাঘাত।
মায়ের আঁচল আর প্রিয় স্বপ্ন ভোলে না কোনো প্রাণ
মমতার টানে হৃদয়ে জাগে প্রীতিরই আহ্বান।
বর্ণমালায় আঘাত হানলে কেউ দেবে না ছাড়
বাঙালির বুকে তাই তো দ্রোহের অনল মারে হুঙ্কার।
বিক্ষুব্ধ সেই জনতা ভেঙেছে সকল ভয়ের ঘোর
রাজপথে নামে লক্ষ মানুষ জাগিয়ে নতুন ভোর।
বজ্রকণ্ঠ স্লোগানে কাঁপলো পাষাণ কালোর দেশ
রাষ্ট্রভাষা রক্ষায় সবার ঘুচলো মরণ রেশ।
ঘাতকের দল ছুঁড়েছে বুলেট দেখালো মরণ ফাঁস
অকাতরে প্রাণ বিলিয়ে ছেলেরা মেটালো ভাষার আশ।
আকাশ বাতাস শোকার্ত হলো দেশটা কান্নায় ম্লান
অশ্রু ও রক্তধারার প্লাবন বাঁচাতে দেশের মান।
অসীম ত্যাগের বিনিময়ে চলা এ বন্ধুর পথ
বাংলাকে পেয়ে পূর্ণ হলো প্রাণের মনোরথ।
একুশের সেই অগ্নিশিখা আজও অন্তরে জাগে
রক্তে ভেজা বর্ণমালা বিজয়ের কথা আগে।
মো.আব্দুল কাদের,শিক্ষক,
সারিয়াকান্দি,বগুড়া।
Reporter Name 
















