
আমি কে
সাহেলা খান রিমু
আমি কে
একটা নাম মাত্র,
যা ডাকার আগেই
অপ্রয়োজনীয় হয়ে যায়?
আমার বাস কোথায়
চার দেয়ালের ঘরে,
না অবহেলার দীর্ঘ ছায়ায়?
আমি কি সেই ভোর,
যার আলো আসে ঠিকই
কিন্তু অপেক্ষায় কেউ থাকে না?
আমি কি অলস দুপুর,
যেখানে সময় থেমে থাকে,
আর বুকের ভেতর
নিঃশব্দে জমে ওঠে
ভয়াবহ বিষণ্নতা?
আমি কি তাসের ঘরে রাখা
ভাঙা পুতুল,
খেলার আগেই অচল,
ভাঙার আগেই পরিত্যক্ত?
কি পরিবার, কি সমাজ
দায় এড়ানোর খেলায়
সবাই নিপুণ অভিনেতা।
নিশ্বাস থেমে গেলে
কবর হবে ঠিকই,
কিন্তু কোনো বুক ফেটে
হাহাকার উঠবে না।
আমি তবু বেঁচে থাকি
প্রশ্নের ভার বয়ে,
নিজের কাছেই অচেনা হয়ে,
নীরবে ক্ষয়ে যেতে যেতে।
“অবহেলা এমন এক নীরব হত্যা,
যেখানে কেউ অস্ত্র ধরে না,
তবু প্রতিদিন একটু একটু করে
একটি মানুষ মরে যায়।”
MD TANZIMUL 















