
ছলনা কাকে বলে জানো, বোঝো তুমি?
কেউ মিথ্যা বললো মানেই ছলনা করা হলো.?
উহু, মিথ্যা বলা কখনো ছলনা করা নয়।
বরং ছলনা তখনই, যখন আমরা সত্য জানি,
তবু মিথ্যার ভেতরে মিথ্যা বিশ্বাসের আশ্রয় খুঁজি
কারণ, সত্যের চোখের দিকে তাকানোর সাহস আমাদের থাকে না।
আমরা সবাই জানি, কিছু মানুষ শুধু ক্ষণিকের জন্য আসে
তবু আমরা তাদের দীর্ঘস্থায়ী বাসের স্বপ্ন বুনি।
বাস্তবে ঠিকই জানি, কিছু হাসি কেবল সৌজন্য
তবু আমরা ভাবি, সেই হাসিতেই আছে চিরকালের প্রেম।
এটাই তো আমাদের জীবনের দুর্বিষহ বিশ্রী ছলনা
একটা নিখুঁত, নিদারুণ, নিঃশব্দ, আত্মপ্রবঞ্চনা
যেখানে আমরা নিজের হাতেই নিজের বুকে ছুরি চালাই,
তারপর অবাক হয়ে বলি, এ কেমন খুন.?
“কে এমন নিষ্ঠুর হলো আমার সঙ্গে?”
আমরা বলি, আর কারোর জন্য অপেক্ষা করবো না,
তবু প্রতিরাতে ঘড়ির কাঁটায় কারো নাম গুনতে থাকি;
আমরা বলি, আর কারোর জন্য ভালোবাসা রাখবো না,
তবু ছায়ার পাশে নতুন ছায়া দেখলেই বুক কেঁপে ওঠে;
আমরা বোকা.? হ্যাঁ, অবিশ্বাস্যভাবে বোকা
নিজের হৃদয়ের সঙ্গে বারবার বিশ্বাসঘাতকতা করি,
নিজের প্রতিজ্ঞার উপরই ভরসা রাখতে পারি না।
আমরা প্রেমে পড়ি, প্রতারণা খাই, ঠকে গিয়ে মরে যাই
তারপর সেই প্রতারণাকেই দুর্ভাগ্য বলে স্বীকৃতি দিই।
বরং সত্যি বলতে, কেউ আমাদের ঠকাতে আসে না—
আমরাই ভুলের দরবারে নিজেদের ঠকিয়ে ফেলি বারবার।
নিজের বিশ্বাসকে সাজাই মিথ্যা চাকচিক্যের মায়ায়,
আর নিজের প্রতারণাকে ঢাকি ভালোবাসার ছায়ায়।
তাই, আজ যদি কোনোরূপ প্রশ্ন করা হয় আমায়
ছলনা কে করেছে, কার সঙ্গে’ই বা ছলনা হয়েছে ?
আমি বলবো, ছলনা করেছে সেই মানুষগুলোর বোকা হৃদয়
যে বোকা হৃদয় আমার, তোমার, আমাদের বহায়।
যারা আয়নায় নিজের চোখে তাকিয়ে বলে
“আমি তো সত্য জানতাম, তবু বিশ্বাস করেছিলাম।”
মোঃ তানজিমুল ইসলাম ( প্রতিষ্ঠাতা) বাংলাদেশ আন্তর্জাতিক স্বপ্ন সাহিত্য পরিষদ 
















