
নারী
মেরিন আফরিন এশা
কেউ তাকে ডাকে—মা,
কেউ বা ডাকে—বোন,
কেউ বলে—মেয়ে,
কেউ শুধু তার সৌন্দর্য দেখে
নাম দেয় গল্পের।
সবার সকল ইচ্ছে পূরণের
আলাদিন যেন সে,
তার কাছে সবার
কত না বায়না।
কিন্তু কেউ কি কখনও জিজ্ঞেস করেছে—
সে আসলে কী হতে চায়?
হাজার নিয়মের বেড়াজালে
তার ডানাগুলো বেঁধে রাখা হয়,
তবু সে চুপচাপ
স্বপ্নগুলো বুকের ভেতর লুকিয়ে রাখে।
রাতের অন্ধকারে
সবাই যখন ঘুমিয়ে পড়ে,
একজন নারী তখনও জেগে থাকে—
নিজের না-বলা গল্পগুলোর পাশে।
তাকে শক্ত হতে শেখানো হয়নি,
তবু সে শক্ত হয়েছে—
কারণ ভাঙতে ভাঙতে
সে নিজেই নিজের ভরসা হয়ে উঠেছে।
নারী মানে আশা,
নারী মানে ভরসা,
নারী মানে বিশ্বাস,
নারী মানে মা—
এক মমতাময়ী সত্তা।
তাই আজকের দিনে
ফুল নয়, করতালি নয়—
শুধু একটু সম্মান দাও তাকে।
কারণ পৃথিবীটা
এখনও টিকে আছে
একজন নীরব নারীর সাহসে।
Reporter Name 















