ঘুম ভাঙে জানালার ফাঁকে-
সূর্য ওঠার আগেই যে মানুষটা বেরিয়ে যায়,
তার হাতের থলে ভারী নয়,
কিন্তু দায়ের ওজনটা ছেলের স্কুলব্যাগের চেয়েও বেশি।
বাবা-
না বলা প্রতিটা কথার ভিতরে
একটা গোটা উপন্যাস লুকানো থাকে,
যেটা তিনি কখনো বলেন না,
শুধু পকেটের কোণায় ভাঁজ করে রেখে দেন টিফিনের টাকা।
তিনি আড়াল থেকে দেখেন-
আমার জুতো ভিজে গেলে পথ মুছে ফেলেন চুপিচুপি,
আমার ব্যথা হলে,মুখ না গোমড়া করে
রাত্রির আঁধারে বাতি নিভিয়ে নিজে একা কাঁদেন।
বাবা কখনো চিঠি লেখেন না,
তবে বাজারের লিস্টের পেছনে,
মায়ের ওষুধ,ছেলের পছন্দের বিস্কুট আর
নিজের কিছুই থাকে না-
তবুও লিখে দেন ভালোবাসা।
ছায়া কেমন করে কথা বলে-
তা বাবার পায়ের আওয়াজ শোনলেই বোঝা যায়।
আর আমি বুঝি,
কোনো কোনো ছায়া কখনো রাত হয় না,
কোনো ভালোবাসা কখনো শব্দ চায় না।