নীল চোখা আঁখিদ্বয় কালো কেশ তার
সেই কেশে দোল খায় নীল পারাবার।
ঊষর জমিনে আঁকে সে প্রেমের রেখা
দীঘল মননে যার হঠাৎই দেখা।

হৃদয়ের আঙিনার অভিসারী পাখি
রোজ নিশী যার লাগি নিদহারা আঁখি।
নিভৃতে যোজন দূরে ছিল কত কাল
একাকী আঁধারে এসে বুনে মায়া জাল।

আদ্যোপান্তে ঝরে তার আলোর ঝলক
মুগ্ধ নয়নেতে দেখি পড়ে না পলক
যেন এক মায়াপরী স্বর্গেরই হুর
আপাদমস্তকে তার দীপ্তিময় নূর।

নিঃশব্দে নীরব রাতে মনেরই বনে
এসেছিল ভীরু পায়ে নিবিড় সে ক্ষণে
আজো তার পদচিহ্ন জ্যোৎস্নার পাশে
বিরহের সুর তোলে মিটিমিটি হাসে।

ভাবিনি কখনো আমি কুসুমের বাগে
প্রণয়ের পুষ্পগুলো একা একা জাগে
ফুল ভেবে যারে আমি বুকে দিই ঠাঁই
বেলা শেষে তার থেকে কাটা শুধু পাই।