ত্যাগের আলো
— সফেদ বিহান
ত্যাগ আজ ভুলে গেছে মানুষ,
অথচ প্রকৃতির প্রতিটি সৌন্দর্যে
ত্যাগ জেগে থাকে।
মানুষ, পশু, পাখি—
নিঃশ্বাস ত্যাগ করেই বেঁচে থাকে।
প্রকৃতিও শেখায় সেই নিয়ম।
নিজের সৌন্দর্য উজাড় করে
ফুলও একদিন ঝরে পড়ে,
তবু রেখে যায়
মুগ্ধতার নির্যাস।
জানি, সকল প্রশান্তি ত্যাগে;
তবু লোভ নীরবে
হৃদয়ের ভেতর শেকড় গাঁথে।
ফুলের মতো সুন্দর মনেও
ভোগের ধুলো জমে।
পচা ফুল কেউ হাতে তোলে না,
হৃদয় পচে গেলে তবে কী হবে?
নিজের ভোগের জন্য
কত আলোই না নিভিয়ে দিই—
ধীরে ধীরে পচে যায় হৃদয়।
অথচ অসহায়ের দিকে
এক মুঠো খাবার দিতে
কেঁপে ওঠে হাত।
ঈদ আসে ত্যাগের আলো নিয়ে,
মনকে ফুলের মতো নির্মল করতে।
সেই শিক্ষাই ধারণ হোক
আমাদের অন্তরে।
ক্ষুধার্ত মানুষের মুখে
আহার তুলে দিলে
নিজের হৃদয়ও
ফুল হয়ে ফোটে।