কবিতা:- রাজপথের মহাকাব্য
কলমে:- মেহেদী হাসান
দূরপাল্লার ধুলোমাখা পথ, হেঁটেছি আমি কত অবিরত,
দেখেছি অগণিত পথিকের মিছিলে—স্বপ্ন ক্ষতবিক্ষত।
সংগ্রাম আর অভিযানে মুখর, সে পথ চিনেছে আমায়,
বিপ্লবীদের জয়গানে আজও, আকাশ থমকে দাঁড়ায়।
কখনো মিছিলে তপ্ত বুলেট, রক্তে রাঙালো মাটি,
বৃষ্টির ধারায় ধুয়ে মুছে গেছে—ইতিহাস বড় খাঁটি।
সে কি চিহ্নহীন? নাকি অপেক্ষায়, নিস্তব্ধ সেই বাঁক,
আবার কবে আসবে ফিরে, তারুণ্যের সেই হাঁক?
বীরেরা যে পথের দিশারি হয়েছে, নবীন গড়েছে রণ,
বুক পেতে সেই পথের লড়াইয়ে, সঁপেছে কত জন প্রাণ!
মীর মুগ্ধের আত্মদান আর শহীদ ওসমানের স্মৃতি,
এ পথেই লেখা আছে অমর সব সাহসের রীতি।
৪৭ থেকে ২৪-এর গল্প, এক সুতোয় বাঁধা সব,
বুলেটের খোসা, বোমার বারুদ—বিক্ষোভের কলরব।
মানুষের বেশে হেঁটেছে দাজ্জাল, করেছে কতই ছল,
তবু এ পথেই হাসি ফুটেছে, মুছেছে চোখের জল।
এই পথের দুয়ারে দাঁড়িয়ে, পেতেছে আবু সাঈদ বুক, বুলেটের মুখে অমলিন হাসি, দেখে ছিলো সব মুখ। দুহাত ছড়ানো ত্যাগের মহিমায়, জেগেছে কোটি প্রাণ,
রাজপথ আজ গেয়ে চলে শুধু— বীর বাঙালির গান।
এখনো রাজপথ সাক্ষী আছে, অমর সেই সব নামের,
ইনসাফে রুখে দাঁড়ানো মিছিলে, ভয় নেই মরণের।
যতদিন রবে শোষণের ছায়া, এ পথই হবে হাতিয়ার,
রক্তে কেনা এই স্বাধীনতা, ভেঙে দেবে সব কারাগার।