আমাদের জাহান্নাম
বিশ্বজিৎ মণ্ডল

এইসব ফেরাউন বিকেলে প্রতিদিন পথ হারাই নির্জনতায়
জাহান্নামের উপত্যকায় দাঁড়িয়ে দেখি,কখন ফিরে গেছে
স্বভাবি স্বজনের দল

পান্ডুর রোদ এসে মাখামাখি করে আমাদের অবয়বে
এভাবেই ক্রমশ অপরাধী হয়ে উঠি, ঘোলাটে পৃষ্ঠায়

অদূরে দাঁড়িয়ে আছেন, আমার রোগগ্রস্ত স্ত্রী আর
আমার অবুঝ সন্তান…
সন্ধেতো হয়েই এল আমাদের দৈনন্দিনীতে
এখনও বাতিদানে জ্বালাতে পারিনি,একটুকরো আগুন

আজও উপোসী থেকে গেলেন , আমাদের দরিদ্র ঈশ্বর
আয়োজন ছিলনা বলেই, খোলা রাস্তায় ঘুমিয়ে পড়ি
মেঠো ইঁদুরের মত

এরপর কোনদিন নক্ষত্র ভেঙে এক গ্যালোপিন এসে
দ্বিখন্ডিত করে দেবে, আমাদের বেঁচে থাকার অবয়ব।