স্বার্থের চোরাবালি
হাফিজুল ইসলাম লস্কর

 

​ভেবেছিলাম হাতটি ধরা
মানেই পাশে থাকা,
পাহাড় সমান বিশ্বাসেতে
স্বপ্ন ছবি আঁকা।

ভেবেছিলাম সুখ-দুঃখের
হবে ভাগাভাগি,
হৃদয় জুড়ে রবে শুধু
শাশ্বত এক দাবি।

​কিন্তু সময় অন্য পাঠের
ঝুলি দিল খুলে,
মানুষ চেনা সহজ নয় যে
আবেগে পথ ভুলে।

মুখোশ যখন খুলে পড়ে
দামী পোশাক ফেলে,
সম্পর্ক সব ফুরিয়ে যায়
স্বার্থ মিটে গেলে।

প্রয়োজনের তাগিদে যারা
খুব কাছেতে আসে,
কাজ ফুরালে তারাই আবার
অচেনা হয়ে হাসে।

​প্রয়োজনে আঁকড়ে ধরা
অপয়োজনে মায়া ত্যাগ,
এই তো হলো বর্তমানের
সম্পর্কের এক দাগ।

​ফুরিয়ে গেলে দায়বদ্ধতা
ফুরিয়ে যায় টান,
স্মৃতিগুলো ধুলোয় মেশে
হারায় পিছুটান।

অপ্রয়োজনীয় চিরকুট সব
যতন করে রাখা,
বুঝেছি এখন, সম্পর্ক মানেই
নিছক স্বার্থে মাখা।