কবিতা: গ্রানাডার কান্না ও এপ্রিলের কলঙ্ক
লেখক: হাফিজুল ইসলাম লস্কর
মুসলমানদের বিশ্বজয়ী সেই অজেয় হুঙ্কার,
স্পেনের বুকে গড়েছিল আলোর মিনার।
আটশ বছর জ্ঞানের মশাল জ্বলেছিল যেথায়,
কর্ডোভা-গ্রানাডা যেন অমর বীরত্বের গাথায়।
অতঃপর এলো সেই বিলাসিতার ঘোর,
মুজাহিদের তলোয়ারে ধরল মরচে কঠোর।
কুরআন-সুন্নাহ ছেড়ে যখন হলো দিশেহারা,
গুমরে কেঁদে উঠল তখন মুসলিম সাহারা।
ইসাবেলা আর ফার্ডিন্যান্ডের চক্রান্তের জাল,
অসহায় গ্রানাডায় ঘনিয়ে আনল কাল।
মিথ্যে আশার বাণী দিয়ে পাষণ্ড নরপশু,
ঝরিয়েছিল হাজারো মা-বোনের তপ্ত অশ্রু।
কপট রাজা বলেছিল, রেখো না মনে ভয়,
মসজিদে নিলে আশ্রয়, হবে না রক্তক্ষয়।
সরল বিশ্বাসে মুমিন হলো যেথায় সমবেত,
অগ্নিশিখায় পুড়ল শরীর, হলো সবাই হত।
রক্তে রাঙা হলো পথ, কান্নায় আকাশ ভারি,
পাষণ্ড রাজা হাসল তখন, মেতে চাতুরি।
উপহাসে বলে উঠল, হায়রে বোকা দল!
এপ্রিলের এই প্রথম দিনে খাটল আমার বল।
সেদিনের সেই হাহাকার আর জঘন্য শঠতা,
ভুলে গিয়ে নির্বোধ খুঁজে হাসির সার্থকতা?
বোকা হওয়ার উৎসবে কেন মাতাল হলো প্রাণ?
যেদিন বিলীন হয়েছিল বহু শহীদের সম্মান।
জাগো মুসলিম, স্মরো আজ সেই বিষাদ সিন্ধু,
হৃদয়ে জাগুক দ্রোহের শিখা, নয় কৌতুকবিন্দু।
ইতিহাসের পাতায় পাতায় যে বিষাদ লেখা রয়,
এপ্রিল ফুল উৎসব নয়, মানবতার পরাজয়।