দহন ও দয়া
কলমে : নাহিয়ান আল ফারাবি

 

তুমি যখন আমার ওপর

ভীষণ ভাবে রাগ করো,

বুকের ভেতরটা ভূমিকম্পের মতো কেঁপে ওঠে –

ভেঙে চুরমার হয় সযতনে গড়া হৃদয়ের দেয়াল।

তুমি যখন মৌন থাকো অভিমানে

চারপাশে নামে অন্ধকার আমাবস্যার কারাদন্ড,

নিঃস্বাস নিতে তখন বড্ড ভয় হয়,

মনে হয় -পৃথিবীটা বুঝি আজই থমকে দাঁড়াবে।

 

আবার যখন তুমি মলিন মুখ ভুলে

এক চিলতে হাসি হাসো,

অঝোর ঝরায় আমার বুক উঠানে –

তখন মাগফিরাতের শীতল বৃষ্টি।

তোমার সেই ক্ষমার দৃষ্টি যেন –

শরতের ভোরে ঝরে পড়া শিউলি,

যাদের সুবাসে মুছে যায় সব দহন, সব গ্লানি,

আমি আবার বেঁচে উঠি নতুন ভোরে,

ঠিক যেমন শিশির ভেজা ঘাসে

প্রাণ পায় অবাধ্য ঘাসফুল।