জীবন আঁকাবাঁকা
হাফিজুল ইসলাম লস্কর
হৃদয় জমিনে চলে অনুক্ষণ
এক একগুঁয়ে লড়াই,
একপাশে ঘৃণা বিষ ঢেলে যায়
অন্যপাশে প্রেম পাই।
প্রতিহিংসার অনল শিখায়
পুড়ে হয় সব ছাই,
অহংকারের মরীচিকা পিছে
বৃথাই কেবল ধাই।
আঘাতের বদলে প্রত্যাঘাত সে তো
আদিম এক খেলা,
বিষের বোঝা বয়ে বেড়ানোই
হারানো দিনের মেলা।
জটিল এ ভবে জীবনের পথ
বড্ড যে আঁকাবাঁকা,
হিংসার টানে রুদ্ধ থাকে
সুখের দুয়ার ঢাকা।
তবুও মানুষ সবার ওপরে
যদি সে মানুষ হয়,
ক্ষমার মন্ত্রে জয় করে নেয়
অজেয় যত ভয়।
প্রতিশোধ নয়, ত্যাগের আলোয়
আঁধার কাটানো চাই,
ক্ষমা যেখানে পরশপাথর
ঘৃণার সেখানে ঠাঁই।
ভালোবাসার এই সমীকরণে
ক্ষমারই পরম জিত,
উদার মনেই লুকিয়ে থাকে
জীবনের শ্রেষ্ঠ গীত।
মানুষই জেতে লড়াই শেষে
ধুয়ে ফেলে সব গ্লানি,
ক্ষমাতেই মেশে মনুষ্যত্বের
অমর কাব্যখানি।