রমজান: মাগফিরাতের দশকে আত্মশুদ্ধির মহিমান্বিত আহ্বান
মুহিব্বি
রমজান—রহমত মাগফিরাত ও নাজাতের এক অনন্য স্নিগ্ধ ছোঁয়া। এটি কেবল উপবাসের মাস নয়, বরং আত্মাকে কলুষমুক্ত করে মহান রবের সান্নিধ্য লাভের শ্রেষ্ঠ সোপান। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন:
হে ঈমানদারগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর—যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পার।— (সূরা আল-বাকারাহ, আয়াত: ১৮৩)
রমজানের দিনগুলো দ্রুত ফুরিয়ে যাচ্ছে। রহমতের সিক্ততা কাটিয়ে আমরা এখন অবস্থান করছি।
মাগফিরাতের দশকে ক্ষমা ও মার্জনা পাওয়ার এই মাহেন্দ্রক্ষণ আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার এক সুবর্ণ সুযোগ।
মাগফিরাতের তাৎপর্য ও ক্ষমার হাতছানি
মাগফিরাত শব্দের অর্থ হলো ক্ষমা। মানুষ মাত্রই ভুল আর গুনাহের আবর্তে বন্দি। কিন্তু মহান আল্লাহর রহমতের দরজা সবসময় খোলা। বিশেষ করে এই দশকে আল্লাহ তাআলা অগণিত বান্দাকে ক্ষমা করে দেন। প্রিয় নবী ﷺ বলেছেন:
যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়।
— (সহীহ বুখারী)
এই দশক আমাদের শেখায়—মুখে শুধু ‘আস্তাগফিরুল্লাহ’ বলা নয়, বরং অন্তর থেকে অনুতপ্ত হয়ে গুনাহ ত্যাগ করা। কান্নারত হৃদয়ে তাওবা এবং মানুষের হক আদায়ের মাধ্যমেই প্রকৃত মাগফিরাত অর্জিত হয়।
রমজানের গুরুত্ব ও অনন্য ফজিলত
কুরআনের মাস: এই মাসেই মানবজাতির হিদায়াত হিসেবে কুরআন নাজিল হয়েছে। তাই তিলাওয়াত ও গবেষণার মাধ্যমে রবের সাথে সম্পর্ক দৃঢ় করা আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত।
দোয়া কবুলের বসন্ত: রোজা রাখা অবস্থায় এবং ইফতারের আগমুহূর্তে বান্দার করা কোনো দোয়া মহান আল্লাহ ফিরিয়ে দেন না।
সহমর্মিতার শিক্ষা: সারাদিন ক্ষুধার্ত থেকে আমরা অভাবীদের কষ্ট অনুভব করতে শিখি। এটি কেবল ব্যক্তিগত ইবাদত নয়, বরং সামাজিক ভ্রাতৃত্ব বৃদ্ধিরও মাস।
নাজাতের পূর্বপ্রস্তুতি: মাগফিরাতের এই দিনগুলোই আমাদের প্রস্তুত করে শেষ দশকের সেই মহিমান্বিত রাত ‘লাইলাতুল কদরের’ জন্য।
মাগফিরাতের এই সময়ে আমাদের করণীয়
১. বেশি বেশি ইস্তিগফার: অন্তত দৈনিক ১০০ বার তাসবিহ পাঠ এবং নামাজের সিজদায় রবের কাছে ক্ষমা চাওয়া।
২. খুশু-খুজু ও নামাজ: কেবল লোকদেখানো নয়, বরং প্রতিটি রুকু-সিজদায় বিনম্রতা বজায় রাখা।
৩. কুরআনের সঙ্গে সম্পর্ক: অর্থসহ কুরআন তিলাওয়াত এবং অন্তত একটি আয়াত হলেও জীবনে আমল করার চেষ্টা।
৪. বিবাদ মিটিয়ে নেওয়া: মানুষের প্রতি কোনো বিদ্বেষ বা কষ্ট থাকলে তা ক্ষমা করে দিয়ে পবিত্র অন্তরে আল্লাহর দরবারে দাঁড়ানো।
উপসংহার
রমজান ক্ষণস্থায়ী, কিন্তু এর প্রভাব হতে পারে চিরস্থায়ী। মাগফিরাতের এই দিনগুলো যেন আমাদের শুষ্ক হৃদয়ে ক্ষমার বারিধারা হয়ে ঝরে পড়ে। মহান আল্লাহ আমাদের জীবনের সকল গুনাহ মোচন করে দিন এবং নাজাতের দশকে পৌঁছার তাওফিক দান করুন। আমিন।
লেখক:
তৌহিদ হাসান (মুহিব্বি)
গল্পকার, টাঙ্গাইল সদর।