ক্লান্তির অনুপ্রেরণা
-এম এ রহমান
আমি ক্লান্ত
কিন্তু ভাঙিনি, নুয়ে পড়িনি ধূলায়,
আমার ক্লান্তি আগ্নেয়গিরি,
শান্ত দেখালেও ভেতরে জমে আগুন।
আমি ক্লান্ত
সহ্য করতে করতে,
অপমানের কাঁটায় রক্ত ঝরিয়ে,
তবু মাথা উঁচু রেখে হাঁটার ক্লান্তি।
আমি ক্লান্ত
মিথ্যার রাজ্যে সত্য হয়ে জন্মে,
ন্যায়ের নামে লাঞ্ছিত হয়ে,
মানুষের মুখোশে দানব চেনার ক্লান্তি।
আমি ক্লান্ত
তাই আমি বজ্র, আমি প্রতিশোধের ভাষা,
আমি নীরবতার বুক ফুঁড়ে ওঠা চিৎকার,
আমি আগুন পুড়িয়ে শুদ্ধ করব পথ।
আমি ক্লান্ত
এই ক্লান্তিই আমার শক্তি,
এই ক্লান্তিই আমার শপথ,
আমি থামব না,আমি ঝড় হয়ে ফিরব।