শিরোনাম – শিক্ষা ও সংযমের মাস মাহে রমজান
কলমে -আফজাল হোসেন 

ঘুরে ফিরে প্রতি বছর আসে রমজান,
সংযমের আলোয় হয় আলোকিত প্রাণ।
রমজান আসে মাগফেরাতের সুসওগাত নিয়ে,
রহমতের ছোঁয়ায় মনের কালিমা যায় ধুয়ে।

রোজা মানে উপবাস নয়,আত্মার শুদ্ধি,
রোজাদার রোজা রেখে পায় পরিতৃপ্তি।
রোজার ক্ষুধা-তৃষ্ণা শেখায় সহমর্মিতা,
উপলব্ধি করে বুঝি দারিদ্র্যের ব্যথা।
ফিতরা-যাকাত তাইতো দেই,করি দান-খয়রাত,
বিলিয়ে দেয়ার মাঝে খুঁজি নাজাত-মাগফেরাত।

পাপের ধুলো মুছে যায় অনুতাপের জলে,
কঠোর মনেও নম্রতা আসে রোজার প্রতিফলে।
মাহে রমজান শিক্ষা দেয় ধৈর্যের মহিমা,
অমানিশার মাঝে উদয় পূর্নিমার চন্দ্রিমা।

মিথ্যার পথ ছেড়ে- দেখায় সত্যের সন্ধান,
মানুষ মানবিক হয়,নম্রতায় ভরায় মন।
তওবার অশ্রুতে ভিজে যায় পাষাণ মন,
শুদ্ধতায় মুছে যায় -রাগ,ক্ষোভ, অভিমান।
হিংসা-বিদ্বেষ ঝরে যায় সংযমের তাপে,
নম্রতার ফুল ফোটে শুদ্ধ হৃদয়ে।

রমজান তাই শুধু রোজার মাস নয়,
নিজেকে বদলানোর সুবর্ণ সময়।
শিক্ষা-সংযমে বদলাক সকলের মন,
পূর্নতায় ধন্য হোক – মাহে রমজান।