শবে বরাত
মেরিন আফরিন এশা
এই রাতটা শুধু একটি রাত নয়,
এটা হিসেবের রাত—
যেখানে নীরবে বসে থাকে আমার নাম,
আমার ভুলগুলো, আমার অনুচ্চারিত আফসোস।
তারারা আজ সাক্ষী,
আমি কতবার জানতেও ভুল করেছি,
কতবার সুযোগ পেয়েও
ভালোটাকে পিছনে ফেলে এসেছি।
এই রাতে সিজদায় নামলে
শব্দের দরকার হয় না,
চোখের কোণে জমে থাকা কষ্টই
সবচেয়ে বড় দোয়া হয়ে ওঠে।
সিজদায় মাথা রাখলে বুঝি,
আমার সবচেয়ে বড় অপরাধ
ভুল করা নয়,
ভুলকে স্বাভাবিক ভেবে নেওয়া।
এই রাত তাই আমাকে শেখায়,
ক্ষমা মানে ছাড় নয়,
ক্ষমা মানে
নতুন করে শুরু করার অনুমতি।
শবে বরাত—
ভাগ্য কলমে লেখা হয় না,
লেখা হয়—
ভেঙে পড়া হৃদয়ের
নীরব তওবায়।