শীতার্ত অসহায় মানুষের মুখে হাসি ফুটাল ‘পেনি ফর মেনি’
মাসুদ মাহাতাব
তীব্র শীতের কষ্টে যখন কাঁপছে অসহায় শিশু, নারী ও বয়স্ক মানুষ, ঠিক সেই সময় মানবিকতার উষ্ণ স্পর্শ নিয়ে পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘পেনি ফর মেনি’। সম্প্রতি সংগঠনটি রাজবাড়ী, পাংশা ও লাঙ্গলবাদ এলাকায় শীতার্ত মানুষের মাঝে ৩৫০টি কম্বল বিতরণ করেছে।
কনকনে ঠান্ডায় যেখানে একটি উষ্ণ কাপড়ই হয়ে ওঠে বেঁচে থাকার ভরসা, সেখানে এই কম্বলগুলো শুধু শীত নিবারণের উপকরণ নয়—এগুলো ছিল ভালোবাসা, সহমর্মিতা আর মানবতার প্রতীক। কম্বল পেয়ে অনেকের চোখে দেখা গেছে স্বস্তির অশ্রু, ঠোঁটে ফুটেছে কৃতজ্ঞতার হাসি।
পেনি ফর মেনির প্রতিষ্ঠাতা ও সভাপতি জিসান রেহমান বলেন,
“আমাদের নিয়মিত শুভানুধ্যায়ীদের সহযোগিতায় প্রতি বছরই আমরা শীতকালে কম্বল ও উষ্ণ পোশাক বিতরণ করে থাকি। এ বছর বাংলাদেশ ফেডারেশন অব উইমেন এন্ট্রেপ্রেনিউরস (BFWE) আমাদের সঙ্গে যুক্ত হয়ে গ্রামীণ এলাকার ঝুঁকিপূর্ণ নারী, শিশু ও প্রবীণদের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সমাজের বিত্তবান ও সক্ষম মানুষদের প্রতি আমার আহ্বান—আপনার সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ান।”
সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ফযসাল বলেন,
“সাধারণত শীতবস্ত্র বিতরণ কার্যক্রম দেশের উত্তরাঞ্চলে বেশি হয়, কারণ সেখানে শীতের তীব্রতা তুলনামূলক বেশি। কিন্তু দেশের অন্যান্য অঞ্চলও শীতের কষ্ট থেকে মুক্ত নয়। অনেকেই পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে মানবেতর জীবনযাপন করেন। তাই আমরা এবার দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছি, যাতে কেউ অবহেলিত না থাকে।”
২০১৯ সাল থেকে ‘পেনি ফর মেনি’ অসহায় মানুষের দুঃখ-কষ্ট লাঘব, মানবিক সহায়তা এবং তাদের ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও শীত, দুর্যোগ কিংবা যেকোনো সংকটে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি।