কুয়াশাময় প্রার্থণা..
—আবির মাহফুজ

 

কুয়াশাছন্ন সকালে
তোমার করুণার চাদরে মুড়িয়ে নিও হে প্রভু,
আমার ক্লান্ত আত্মা আজ দিকভ্রান্ত পাখির মতো
ভেজা আকাশের নিচে ডানা গুটিয়ে বসে আছে।

চারপাশে শব্দ আছে,
কিন্তু শান্তি নেই
প্রার্থনাগুলো জমে গেছে
অবহেলিত চোখের কোণে।

হে দয়ালু,
আমার অপরাধগুলো যেন কুয়াশার মতো
তোমার রহমতের আলোয় গলে যায়,
আমার ভয়গুলো হোক শিশির
সূর্যের প্রথম ছোঁয়ায় নিঃশব্দে মিলিয়ে যাক।

এই ভোরে আমি কিছু চাই না,
শুধু তোমার নীরব সান্নিধ্য
যেখানে ব্যথা মাথা নত করে,
আর আশা ধীরে ধীরে
শ্বাস নিতে শেখে।

আমায় মুড়িয়ে রেখো, হে প্রভু,
যতক্ষণ না আমার ভাঙা হৃদয়
তোমার নাম উচ্চারণে
আবার পূর্ণ হয়ে ওঠে।