সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে “শীতকালীন পিঠা উৎসব ২০২৬” আয়োজন করলো লিডো

মাসুদ মাহাতাব,ঢাকা

শীতের আনন্দকে আরও অর্থবহ করে তুলতে এবং সুবিধাবঞ্চিত পথশিশুদের কল্যাণে লোকাল এডুকেশন ও ইকোনোমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (লিডো) আয়োজন করে “শীতকালীন পিঠা উৎসব ২০২৬”। বৃহস্পতিবার বিকাল ৩টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত লিডোর পিস হোম প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শিশুদের অধিকার, সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত করার গুরুত্বের ওপর আলোকপাত করেন। তাঁরা সুবিধাবঞ্চিত শিশুদের ভবিষ্যৎ গড়ে তুলতে সমাজের সব স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।

উৎসবে লিডোর পৃষ্ঠপোষকতায় সুবিধাবঞ্চিত পথশিশুরা বাহারি দেশীয় পিঠা, কেক ও ওয়াফেলের স্টল পরিচালনা করে। এতে শিশুরা যেমন উৎসবের আনন্দ উপভোগ করে, তেমনি তাদের আত্মবিশ্বাস ও দক্ষতা প্রকাশের সুযোগ পায়।

অনুষ্ঠানে লিডো পরিচালিত কমলাপুর ভোকেশনাল ট্রেডের আওতাধীন প্রশিক্ষণপ্রাপ্ত সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের মাঝে সনদ ও সেলাই মেশিন বিতরণ করা হয়। পাশাপাশি পিস হোমে পরিচালিত আইসিটি ট্রেনিং সম্পন্নকারী শিশুদের মাঝেও সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জাতীয় নদীরক্ষা কমিশনের অবসরপ্রাপ্ত সোশিওলজিস্ট সৈয়দ মোসাদ্দেক হোসেন বলেন, “লিডো দীর্ঘদিন ধরে পথশিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছে।

কাজের ক্ষেত্রে লিডো অন্য প্রতিষ্ঠানগুলোর থেকে আলাদা। পথশিশুদের জন্য লিডো একটি নিরাপদ আশ্রয়স্থল। লিডোর এই কাজ আমি গভীরভাবে সম্মান করি।”

ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মেগা সিরিজের পরিচালক আব্দুল্লাহ আল হারুন বলেন, “আজকের অনুষ্ঠানে শিশুদের দেখে আমি যেন আমার ছোটবেলায় ফিরে গেছি। এখানে শিশুরা শিক্ষকদের স্নেহ ও শাসনের মধ্য দিয়ে বেড়ে উঠছে। তারা হাসছে, খেলছে। লিডোর এই উদ্যোগ প্রশংসার দাবিদার।”

মেডিকো সোর্সের নির্বাহী পরিচালক শাহাদাত হোসেন বলেন, “লিডোর অনুপ্রেরণায় হারিয়ে যাওয়া এই শিশুরা আজ নতুন একটি জায়গায় পৌঁছেছে। তারা শিক্ষার আলো পেয়েছে। তারা যেন আর কখনো হারিয়ে না যায় এবং দেশের সু-নাগরিক হিসেবে গড়ে ওঠে, এই কামনা করি।”

লিডোর ভোকেশনাল ট্রেনিং প্রাপ্ত আলীয়া আক্তার বলেন, “আমি ছয় বছর ধরে লিডোর সঙ্গে আছি। লিডোর কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। আমাকে রেসকিউ করার পর তারা আমাকে নানা প্রশিক্ষণ দিয়েছে।

এখন আমি সেলাইয়ের কাজ জানি এবং চাকরি করে নিজের দায়িত্ব নিজেই নিতে পারছি।”
অনুষ্ঠানের এক গুরুত্বপূর্ণ পর্বে লিডোর নির্বাহী পরিচালক ফরহাদ হোসেন বলেন, “আজকের এই আয়োজন শুধুই শিশুদের জন্য।” তিনি আরও জানান, এই পিঠা উৎসব থেকে সংগৃহীত অর্থ সুবিধাবঞ্চিত ও পথশিশুদের শিক্ষা এবং উন্নয়নমূলক কার্যক্রমে ব্যয় করা হবে।

পিঠা উৎসবে শিশুদের সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানের আনন্দঘন পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। অতিথি ও অংশগ্রহণকারীরা শিশুদের সঙ্গে সময় কাটান এবং উন্মুক্ত নেটওয়ার্কিং ও মতবিনিময়ে অংশ নেন।

সমাপনী বক্তব্যে লিডোর ডিরেক্টর (ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন) মুর্শিদা কান্তা বলেন, “আমরা দীর্ঘ ২৫ বছর ধরে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করছি। এই পথচলায় সবার দোয়া ও সহযোগিতা কামনা করি। আপনারা আমাদের পাশে থাকলে আমরা আরও এগিয়ে যেতে পারব।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মেগা সিরিজের অভিনয়শিল্পী হোসেন নীরব, আয়শা তাবাসসুম, মায়া রহমান, আবিদ পারভেজ প্রান্ত, ইনসিডিন বাংলাদেশ-এর প্রতিনিধি রিয়াজ হোসেন, মুবিনা মোস্তফা, ইঞ্জিনিয়ার আসরাফসহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, লিডোর কর্মকর্তা
-কর্মচারী এবং উপকারভোগীরা।