মা ও মানুষের সুস্থতায় কমিউনিটি বেইজ উদ্যোগ, শাহজাদপুরে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত
ঢাকা, ১ জানুয়ারী ২০২৬
মাসুদ মাহাতাব,ঢাকা
কমিউনিটি বেইজ প্রাথমিক স্বাস্থ্যসেবা ও রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা গেলে সমাজ থেকে ধীরে ধীরে জটিল ও প্রতিরোধযোগ্য রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসবে—এই লক্ষ্যকে সামনে রেখে ঢাকার শাহজাদপুরে অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি বেইজ হেলথকেয়ার ক্যাম্প।
অদ্য বৃহস্পতিবার সকালে ঢাকার শাজাহানপুরে অবস্থিত ‘এসো সচেতন সোসাইটি–এসই’-এর স্বাস্থ্যসেবা কেন্দ্রে আয়োজিত এই ক্যাম্পে অংশগ্রহণ করেন কে পি জে ঢাকা নার্সিং কলেজের নবম ব্যাচের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা ও পরামর্শ প্রদান করেন।
ক্যাম্পে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় দাঁতের যত্ন, ব্যক্তিগত স্বাস্থ্যসচেতনতা (Self-care) এবং গর্ভবতী মায়ের যত্ন বিষয়ক আলোচনায়। এসময় কে পি জে ঢাকা নার্সিং কলেজের দুইজন শিক্ষক উপস্থিত থেকে শিক্ষার্থীদের কার্যক্রম তত্ত্বাবধান ও দিকনির্দেশনা প্রদান করেন। পুরো ক্যাম্পের সার্বিক পরিকল্পনা, পরিচালনা ও বাস্তবায়নে ছিল ‘এসো সচেতন সোসাইটি–এসই’।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য পেশাজীবী ও সমাজকর্মী মাজহারুল ইসলাম। তিনি ‘এসই’-এর অন্যতম কর্মসূচি “সু-সম্পর্ক: ডাক্তার, রোগী, নার্স ও রোগীর অ্যাটেনডেন্স” বিষয়ে আলোকপাত করেন এবং উপস্থিত সাধারণ জনগণের মাঝে গর্ভবতী মায়ের যত্নের গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন, গর্ভকালীন সময়ে একজন নারীর শরীর ও মনের বিশেষ যত্ন অত্যন্ত জরুরি। এই সময়ে সঠিক ও সময়মতো স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেলে মা ও নবজাতক—উভয়ের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।
ক্যাম্পে গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ সেবাসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়, যার মধ্যে ছিল—
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা (ANC Check-up)
সুষম খাদ্য গ্রহণ ও পুষ্টি পরামর্শ
আয়রন, ক্যালসিয়াম ও ফোলিক অ্যাসিড সাপ্লিমেন্ট
টিটি টিকা প্রদান
ঝুঁকি চিহ্নিতকরণ ও প্রয়োজনে রেফারেল সেবা
মানসিক স্বাস্থ্য সহায়তা
প্রসবপূর্ব ও প্রসবকালীন পরিকল্পনা
আয়োজকরা জানান, নার্সিং শিক্ষার্থীদের জন্য এ ধরনের কমিউনিটি বেইজ প্রশিক্ষণ কার্যক্রম আরও বিস্তৃত হলে তাদের বাস্তব অভিজ্ঞতা বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষের মাঝে নার্সিং পেশার প্রতি আস্থা ও শ্রদ্ধাবোধ আরও সুদৃঢ় হবে।
ক্যাম্পে নারী, পুরুষ ও শিশুসহ প্রায় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা জানান, এই ক্যাম্পের মাধ্যমে তারা স্বাস্থ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ ও ব্যবহারিক জ্ঞান লাভ করেছেন। একই সঙ্গে তারা ভবিষ্যতেও ‘এসো সচেতন সোসাইটি–এসই’-এর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।
এই উদ্যোগ কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে একটি সময়োপযোগী ও প্রশংসনীয় দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।