অপরিচিত ন‌ই , আপন‌ও ন‌ই
জেরিন জাহান দিশা

বন্ধুত্ব শব্দটা বড়‌ই মধুর ।
যার শুরু সেই স্কুল জীবন থেকেই –
একসাথে হাসি , কান্না ,
বেঞ্চের ফাঁকে ফাঁকে গোপন কথা ।
তখন মনে হয় ,
এই মানুষটার পাশে
সারাজীবন থাকব ।

কিন্তু জীবন থেমে থাকে না ।
পড়ালেখার চাপ , দায়িত্ব , স্বপ্ন –
সব মিলিয়ে
সময় যেন হাত ফসকে যায় ।
খেয়াল‌ই করি না ,
কবে সেই প্রিয় বন্ধুটার
খবর নেওয়া বন্ধ হয়ে গেল ।

মেয়েদের ক্ষেত্রে তো আর‌ও কঠিন –
সংসারের চাপে পড়ে
ইচ্ছা থাকলেও
খোঁজ নেওয়া হয় না ।
আবার কেউ কেউ আছে ,
বন্ধুকে খুব মনে পড়ে ।
তবু ফোনটা তোলা হয় না –
ভেবেই রেখে দেই ,
পরে একদিন সময় করে কথা বলব ।

আমার‌ও প্রিয় এক বন্ধুত্ব ছিল ,
যাকে ছাড়া
একদিন‌ও চলতে পারতাম না ।
সেও ছিল ঠিক আমার‌ই মতো –
হাসি , দুঃখ , স্বপ্ন
সবকিছুর সঙ্গী ।

কিন্তু আজ সে
কারো ঘরের বৌ ।
নবজাতকের মা ।
দায়িত্বের ভিড়ে হয়তো
আমার নামটা আর আগের মতো
তোমার প্রতিদিনের তালিকায় নেই ।

ভুল করে কাউকে
আমার নাম ধরে
ডাকো না ।
আমি হয়তো আজ
একটু হলেও পরে হয়ে গেছি ।
অপরিচিত ন‌ই ,

আবার আগের মতো আপন‌ও ন‌ই ।
শুধু স্মৃতির পাতায়
নীরবে বেঁচে থাকা
এক বন্ধুত্ব ।