সর্ষের মধ্যে ভূত
কে বলে সে নূর।
🖋কাজী.এস.আর.রাশিদা
মলিন বেদন রিক্ত স্মৃতি
প্রিয় রূপে ঊষর ;
মননে তার দীঘল চাওয়া
হঠাৎই হয় ধূসর।
শঙ্খ ধ্বনি অঙ্গে খনি
সন্ধ্যা প্রদীপ জ্বেলে;
মেঘের কোলে ঘোমটা পড়ে
উড়তো ডানা মেলে।
নীল শাড়িতে লাজুক কুঁচি
যেন আলাভোলা;
ওরে বাবা ধুম্রজালের
অঙ্গে কত দোলা।
নির্মল দুটি ডাগর আঁখি
ছদ্মবেশে ছিল;
আঁধার খামে বীভৎস রূপ
পাঁজর ছিঁড়ে নিল।
নূর ভেবে যেই ঠাঁই দিই বুকে
ছুরি চালায় হেসে;
আসলে এই মেকি ধরায়
সব বক ধার্মিক বেশে।
জ্যোৎস্না নয় সে কলঙ্কের দাগ
চাঁদের বুকে থাকে;
অমাবস্যার গ্রহণ আঘাত
বুক পকেটে আঁকে।