বিজয়

সাহেলা খান রিমু

বিজয় এসেছে এবার নতুন রূপ
স্লোগানের চেয়ে প্রশ্ন বেশি তার চোখে।
মঞ্চের আলো নয়,
রাস্তায় পড়ে থাকা স্বপ্ন কুড়িয়ে
সে সামনে এগোয়।

বিজয়, তুমি কতকাল আর অপেক্ষার রং মাখবে
প্রতিশ্রুতির পোস্টারে,
ভাঙা প্রেমের চিঠিতে,
অসমাপ্ত দিনের কপালে?

রাজনীতি বলেছে—সময় নাও,
প্রেম বলেছে—আর একটু সহ্য করো,
আর এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে
তুমি নিজেকেই হারিয়েছ বারবার।

যে বিজয় শুধু ঘোষণায় জন্মায়,
সে টিকে না বাস্তবের রোদে।
যে প্রেম কেবল ধৈর্য চায়,
সে একদিন নীরবতায় ভেঙে পড়ে।

এবার বিজয় আসুক ক্ষত নিয়ে,
ভুল স্বীকারের সাহস নিয়ে।
এবার প্রেম আসুক প্রতিবাদ হয়ে,
স্পষ্ট “না”-র ভাষা নিয়ে।

অপেক্ষার রং ধুয়ে ফেলো এবার—
নিজের হাতে রং বানাও।
কারণ বিজয় মানে শেষ নয়,
বিজয় মানে
প্রতিদিন নতুন করে শুরু।