ভাইরাল ট্রেনের যাত্রী হাদিকে গুলি করা ব্যক্তি নয়
মাসুদ মাহাতাব, ঢাকা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দাবি করা হয়, হ/ত্যাচেষ্টার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ সিলেটগামী একটি ট্রেনে পালিয়ে যাচ্ছেন। এই দাবিকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
তবে রেলওয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর বিস্তারিত তদন্তে স্পষ্ট হয়েছে—ভাইরাল ভিডিওতে দেখা ব্যক্তির সঙ্গে হাদির ওপর হামলার ঘটনার কোনো সম্পর্ক নেই।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জানান, ভিডিওতে থাকা ব্যক্তির নাম আবুবক্কর সিদ্দিক ইমন (২৫)। তিনি একজন সাধারণ যাত্রী। তার পিতা আবুল কালাম, মাতা সুলতানা বেগম এবং বাড়ি চট্টগ্রাম মহানগরীর পশ্চিম নাসিরাবাদ এলাকায়। রেলওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ইমন প্রায় ১০ দিন আগে নিজের বৈধ পরিচয়পত্র ব্যবহার করে ট্রেনের টিকিট সংগ্রহ করেন।
যাত্রাকালে তার সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরা—পিতা, মাতা, স্ত্রী নুপুর, কন্যা সোহানা এবং দুই খালা বিলকিস ও জান্নাতুল ফেরদৌস। তদন্তে তাদের কারও বিরুদ্ধেই কোনো সন্দেহজনক তথ্য পাওয়া যায়নি।
অন্যদিকে, পুলিশ জানিয়েছে হাদির ওপর হ/ত্যাচেষ্টার প্রকৃত অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগীদের গ্রেপ্তারে সর্বোচ্চ তৎপরতা চলছে। মোবাইল ট্র্যাকিং, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহায়তায় অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে অভিযুক্তদের পাসপোর্ট ব্লক করা হয়েছে এবং সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।
রেলওয়ে পুলিশ পুনরায় জোর দিয়ে জানায়, ভাইরাল ভিডিওতে থাকা ব্যক্তি কোনোভাবেই সিলেটগামী ট্রেনে পালিয়ে যাওয়া হ/ত্যাচেষ্টা মামলার অভিযুক্ত নন। যাচাই-বাছাই ছাড়াই ভিডিওটি ছড়িয়ে পড়ায় একজন নিরপরাধ ব্যক্তি সামাজিক বিভ্রান্তি ও ভোগান্তির শিকার হয়েছেন।