স্বপ্নের ছাই
চন্দনা চক্রবর্তী

স্বপ্নের ছাই যার সিঁথির সিঁদুর,
সে নারী খুব চুপচাপ হাঁটে জীবনের ভিড়ে।
তার চোখে আর কোনো ভবিষ্যৎ ঝলমল করে না,
তবু প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে
সামান্য লাল রঙে ঢেকে দেয়
সব অপূর্ণতা, সব পোড়া রাত।
তার সিঁদুরে আছে প্রতীক্ষার ইতিহাস,
ভেঙে যাওয়া বিশ্বাসের ধুলো,
আর নিঃশব্দ সহ্যের দীর্ঘশ্বাস।
ভালোবাসা তাকে রাজকন্যা করেনি,
কিন্তু দায়িত্ব তাকে পাথরের মতো শক্ত করেছে।
যে স্বপ্নগুলো একদিন মাথার ভিতর ঘর বেঁধেছিল,
আজ তারা ছাই হয়ে বসে আছে সিঁথির পাশে।
তবু সে জানে,,,,
এই ছাইও একদিন আগুন ছিল,
আর সেই আগুনেই সে নিজেকে চিনতে শিখেছে।

চন্দনা চক্রবর্তী
মিরসরাই, চট্টগ্রাম, বাংলাদেশ।